Tuesday, August 18, 2015

তোর কথা ভেবে...



তোর কথা ভেবে, গীটার ছেড়ে
ধরেছি যে একতারা। 
তোর ভাবনায় বাদল-বাউলে
মন হল মাতোয়ারা।
তোর শব্দ সুরে, পায়ের তালে 
বয়ে যায় সারাবেলা।
নিজেই জানিনা শুরু হল কবে - 
এই গোপন মজার খেলা?


তোর কথা ভেবে, শরৎ হঠাৎ 
অঝোর বৃষ্টি নামায়।
তোর ভাবনায় উদাসী হাওয়া 
আনমনে দিক হারায়। 
তোর খেলা দেখে, ভীন বয়সীরা 
জুটেছে যে তোর পাড়ায়;
অবাক পৃথিবী তোর নেশাতে 
সাদা ক্যানভাস রাঙায়। 

তোর কথা ভেবে, মনে বসেছে 
আবেগ ঘন মেলা...
তোর ভাবনায় রাগী মুখটাতে 
করছে হাসিরা খেলা। 
তোর এক ডাকে অভিমানী মন, 
সব মান ভুলে ধায়;
গভীর আবেগ একাকার হয়ে-
দুলছে যে দোলনায়।

Written by Durba
©দূর্বা

Tuesday, August 11, 2015

বৃষ্টির তালে-তালে




সকাল গড়িয়ে বিকেল হল

বৃষ্টি নিল নতুন বাঁক
 
ভিজব বলে জানালা খুলেই 
 
শুনতে পেলাম ব্যাঙের ডাক।

 
নিয়ম মাফিক মুষলধারা
 
নিয়ম করেই মেঘ জমেছে
 
ভিজছি আমি আমার পাড়াই,

তোমার ঘরে মন ছুটেছে। 

 
দু-চোখ জুড়ে কালো নীলিমা,

বানের জলে মন ডুবেছ
 
আকাশের আজ কোন ইশারায়

ভিনদেশীদের ঝাঁক নেমেছে?
 

ঝিঁঝিঁর ডাক শুনছি আমি 
 
সন্ধ্যে থেকে রাতদুপুর
 
ভৌতিক মন যাই ছুট্টে 
 
তোমার কাছেই; রাজপুত্তুর।। 



Written By Ritesh

   রীতেশ ©
 
 

Tuesday, August 4, 2015

বৃষ্টিযাপন





টাপুর-টুপুর বৃষ্টি পড়ে

 আনাচে-কানাচে মেঘ;

সময় বাড়ার পাল্লা দিয়ে,

বাড়ছে জলের বেগ।।



আকাশচুম্বী, বস্তিবাড়ি
 
কেউ পায় না পার।

দিন-যাপনের বৈচিত্র্যে
 
চিন্তারা তোলপাড়।।



সব্জির দাম আকাশ ছোঁয়া...

ফল তো যেন আগুন।
 
জলভরা পথ চলতে গেলে,

রিক্সাভাড়াও দ্বিগুণ।।



কাজ-মাটি আজ, বৃষ্টির রাজ 
 
অষ্টপ্রহর গুনছে;

নরম চোখেও ছুটির রেওয়াজ-

আদুরেগান বুনছে।।


Written By Durba

© দূর্বা