সন্ধ্যে থেকেই, ঘন বর্ষায়, ভিজছে সারা শহর
হালহকিকত বলছে এমনই কাটবে অষ্টপ্রহর।
মেঘ মল্লার ভেস্তে দিল, সিনেমার প্লান। তাই...
চারতলা ফ্ল্যাটে, পায়চারি চলে, 'কি করা যায়?'
তখনই হঠাৎ দরজার কড়া, হাতের ছোঁয়া পেল
চটি জোড়া খুলে, চৌকাঠ হয়ে, পা'এরা ভেতরে এল।
বোকা বাক্স ছুটি নিয়েছে, গত তিনদিন যাবৎ
তার ঘরেতেই বসল আসার, সময়ের আমানত।
পাগলা দাশু, গান-খ্যাপা সব নমুনা একেকজন
আড্ডা? সে তো নিজেই অজুহাত, মাপা নেই দিনক্ষণ।
সুরের নেশায়, সুরার নেশায়, ভরাডুবি চোখ-গলা
সম্পর্কে তারা বন্ধু হলেও, নাম দিয়েছি 'শালা'!
মন খারাপের শ্রাবণ-সন্ধ্যা পাল্টি এমন খেল... যে
ঘরকুনো চেনা আরামের গন্ধ ফিরে পেল।
বাইরে, সে তো অবিরাম ঝড়ে, সন্ধ্যে ঘনিয়ে রাত্রি
ডিনার সবার এখানেই হোক, ডিম ভাজা আর খিচুড়ি।
'এবার তাহলে ফেরা যাক বল্। দেখা হবে, চল বাই'।
একথা বলেই চলে গেল তারা, আড্ডাটও তাই।
ভালোলাগে বেশ, মাঝেসাঝে পেলে মন ভর্তি আরাম
বারোটা বাজছে, এখনও বৃষ্টি নেয় না থামার নাম।
©দূর্বা