ভবিষ্যত আমাদের খুনসুটিতে ঢাকা,
রোদ ধরেছি বেঞ্চের ফাঁকে বসে;
মুঠোভর্তি হাথ? সে তুখড় আদর মাখ,
আল্হাদী কাঁধে সুখটান খুঁজে হাসে।
উঠতি বয়সে, ওড়াটাই স্বাভাবিক,
বাতাসের ভাঁজে নতুন প্রেমের পাল।
জবরদস্তির গার্জেন- সখা নাবিক,
ব্যতিক্রম! ইন্ধন তার থাকে বহাল।
চোখের তারাতে দর্শনধারী ভাসে,
বেয়াক্কেলে মন, সে পড়ের ক্লাসে
জানালা গলে বসে গিয়ে তার পাশে।
আলগা করে যদি ভালবাসে।
ক্যান্টিনেতে ওলোট-পালোট হিসেব
খুচরোরা বাজে পকেটে টুংটাং।
দশের রশিদ একের ঘাড়ে যেই চাপে,
খুশির তালে, এপাং-ওপাং-ঝপাং।
বিকেল মানেই, পাগলা হাওয়ার তীর,
বুঝতে পেরেই, যানজটের কী হিংসা!
ভেস্তে দেওয়ার মনোভাব করে স্থির।
তবু, সাইকেলের'ই জিত, একবিংশেও।
এখন সময় কানাঘুষো'দের ডাকা
বিষন্নতার চিরকূট থাক দূরে;
বন্ধুর হাটে হাঁড়ি ভাঙাই নিয়ম,
গোপনীয়তা বের হোক পেট খুঁড়ে।
দেখনদারীর বদভেস্য আজ হারাক,
লেন্স দিয়ে বাঁধা যায় না মুহুর্ত
চোখের স্বাদ'ই এখন বজায় থাক,
সবাই যদি এমনি করে ভাবত!
ভালোবাসা পোষে ক্লাসের কার্নিশ,
বেমালুম জন্মায় শত অধিকার;
নাছড়বান্দা- কিছু ভালোথাকা ধার নিস...
গাঁজা নয়, আমরা বন্ধুত্বের স্বীকার।
Written by Durba
©দূর্বা